প্রিন্ট এর তারিখ : ১২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬
আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমিতে নির্মাণকাজ, সংবাদ সম্মেলনে অভিযোগ
রিয়াজুল ইসলাম বাচ্চু , ঝালকাঠি জেলা সংবাদদাতা ||
ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ অমান্য করে পৈতৃক সম্পত্তিতে জোরপূর্বক বাউন্ডারি ওয়াল নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন জমির দাবিদার মো. মারুফ হোসেন চলী। বুধবার (১১ নভেম্বর) ঝালকাঠি প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।লিখিত বক্তব্যে মারুফ হোসেন চলী জানান, আইহর মৌজায় তাঁদের পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। তাঁর বাবা ও চাচারা দীর্ঘদিন ধরে ওই সম্পত্তি ভোগদখল করে আসছেন। জমিতে পুকুর, মাছ চাষের স্থান, গাছপালাসহ বিভিন্ন স্থাপনা রয়েছে। কিন্তু গোলাম মোস্তফা ওরফে টুকু নামের এক ব্যক্তি ওই সম্পত্তি দখলের চেষ্টা করছেন বলে অভিযোগ তাঁর।তিনি বলেন, জমির মালিকানা ও দখল নিয়ে আদালতে দেওয়ানি মামলা চলমান রয়েছে। এ বিষয়ে আদালত জমির ওপর স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন। এরপরও প্রতিপক্ষ আদালতের নির্দেশ অমান্য করে জমিতে বাউন্ডারি ওয়াল নির্মাণসহ বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, বিষয়টি নিয়ে পুলিশ সুপার ও ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে একাধিকবার লিখিত অভিযোগ ও আবেদন করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দিলেও পরবর্তী সময়ে আবারও কাজ শুরু করা হয়। এতে আদালতের নির্দেশনা কার্যকর হওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।মারুফ হোসেন চলী আরও বলেন, গত ৪ নভেম্বর আদালতের নির্দেশ বাস্তবায়ন ও জমিতে নির্মাণকাজ বন্ধের দাবিতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে আবেদন করা হয়েছে। আদালতের আদেশের কপিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে। এরপরও নির্মাণকাজ বন্ধ হয়নি। উল্টো তাঁকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।সংবাদ সম্মেলনে তিনি পৈতৃক সম্পত্তি রক্ষা, আদালতের নির্দেশ যথাযথভাবে বাস্তবায়ন এবং বিরোধপূর্ণ জমিতে নির্মাণকাজ বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।এ বিষয়ে অভিযুক্ত গোলাম মোস্তফা ওরফে টুকুর বক্তব্য পাওয়া যায়নি।
সম্পাদকঃ নুর-আমিন
সহ-সম্পাদকঃ আরকে. রাসেদ খান
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ